
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু হয়েছে। মৃত ওই কয়েদির নাম মো. জাহাঙ্গীর আলম (২৫)।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় চিকিৎসাধীন অবস্থায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বুধবার রাত ৩টায় কয়েদি জাহাঙ্গীর আলমকে দগ্ধ অবস্থায় আমাদের এখানে ভর্তি করা হয়। অবস্থা গুরুতর হওয়ায় তাকে আইসিইউতে পাঠানো হয়। সেখানে সকাল সাড়ে ৯টার দিকে তিনি মারা যান। ভর্তির সময় তার শরীরের ৬৩ শতাংশ দগ্ধ ছিল।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী মাইনুল ইসলাম বলেন, মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি ছিলেন মো. জাহাঙ্গীর আলম। সম্প্রতি চট্টগ্রাম কারাগার থেকে তাকে ঢাকায় পাঠানো হয়। তবে তিনি কীভাবে দগ্ধ হয়েছেন সে বিষয়ে কিছু জানা যায়নি। তার বাড়ি কক্সবাজার জেলার টেকনাফ থানা এলাকায়।




