
ঢাকার ধামরাইয়ে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে প্রায় বিশ ফুট গভীর খাদের পানিতে পড়ে গেছে।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বালিথায় একেএইচ গার্মেন্টস সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ধামরাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সোহেল রানা গণমাধ্যমকে বলেন, একেএইচ গার্মেন্টেসের সামনে সড়কের পাশে বিশ ফুট গভীর একটি ডোবায় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেছে। যাত্রীসেবা পরিবহনের বাসটি যাত্রী নিয়ে মানিকগঞ্জ থেকে ঢাকায় যাচ্ছিলো। আমরা বাসের ভেতরে সার্চ করে দেখেছি, কিন্তু কাউকে আটকা অবস্থায় পাওয়া যায়নি। আমরা দুটি ইউনিট নিয়ে ঘটনাস্থলে কাজ করছি।
বিষয়টি নিশ্চিত করে মানিকগঞ্জের গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ খান বলেন, একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে। আমরা র্যাকারের মাধ্যমে দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারের চেষ্টা চালাচ্ছি।




