
দিনাজপুর জেলা ট্রাক ট্যাংকলরী কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে গাভি প্রতীক নিয়ে সহসাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মাহাবুর রহমান। জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা ভোটারদের ক্লান্তি দূর করতে ১০ মণ দুধের ব্যবস্থা করেছেন তিনি।
শুক্রবার (২৩ ডিসেম্বর) দিনাজপুর সদর উপজেলার নোভারা স্কুলে চলছে এ নির্বাচন।
বীরগঞ্জ উপজেলা থেকে আসা জসিম উদ্দিন নামে ট্রাকের এক হেলপার বলেন, আমরা আজকে নির্বাচনে সদরে আসছি। তারপর অনেক ভিড় দেখতে পেয়ে এখানে আসলে দেখি ভোটারদের দুধ পান করানোর ব্যবস্থা করা হয়েছে। আমিও দুধ পান করেছি।
প্রার্থী মাহাবুর গণমাধ্যমকে বলেন, আমি গাভি প্রতীক নিয়ে নির্বাচন করছি। ভোটাররা দূর-দূরান্ত থেকে এসে উৎসবমূখর পরিবেশে ভোট দিচ্ছেন। আমি আমার শ্রমিক ভাইদের জন্য ১০ মণ দুধের ব্যবস্থা করেছি। সকাল থেকেই দুধ গরম করছি। শ্রমিক ভাইয়েরা এসে দুধ খেয়ে গরম হয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিচ্ছেন।




