
চুয়াডাঙ্গার জীবননগরে মোটরসাইকেলের ধাক্কায় আব্দুল হামিদ (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। আহত হয়েছেন মোটরসাইকেল চালকসহ আরও দুইজন।
শুক্রবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যা ৭ টার দিকে জীবননগর উপজেলার উথলী গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল হামিদ উথলী গ্রামের মৃত নজির আহমেদের ছেলে। আহত দুইজনের পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, সন্ধ্যায় মসজিদে নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আব্দুল হামিদ। এ সময় রাস্তা পার হতে গেলে দ্রুতগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। তাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত মোটরসাইকেল চালক ও এক আরোহীকে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। তবে তাদের পরিচয় প্রাথমিকভাবে জানা যায়নি।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক উৎপলা বিশ্বাস জানান, হাসপাতালে নেওয়ার আগেই মারা যান আব্দুল হামিদ। তিনি কোমরে ও মাথায় প্রচন্ড আঘাত পেয়েছেন।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক জানান, মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। নিহতের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ওই ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।




