
যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত হয়েছেন। নিহতরা হলেন, মো. শিমুল হোসেন (৩২), আরমান হোসেন (৩৭) ও খোকন শেখ (৩০)।
রোববার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় যশোর উপশহরের নিউমার্কেট এলাকায় প্রাইভেটকার-মোটরসাইকেল এবং চাঁচড়া চেকপোস্টের কাছে মোটরসাইকেল দুর্ঘটনায় তারা নিহত হন।
চাঁচড়ায় নিহত শিমুল যশোর শহরের পোস্ট অফিস পাড়ার আবদুস সাত্তারের ছেলে। আরমান হোসেন উপশহরের মঞ্জুরুল কাদেরের ছেলে ও খোকন শহরের পুরাতন কসবা কাজীপাড়ার আবদুল মান্নানের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সন্ধ্যায় খাজুরা বাসস্ট্যান্ডে মোরটরসাইকেলের সঙ্গে একটি প্রাইভেটকারের সংঘর্ষ হয়। একই সময়ে চাঁচড়া চেকপোস্ট এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনা ঘটে। এতে শিমুল, আরমান ও খোকন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের শিক্ষক সাইফুর রহমান বলেন, হাসপাতালের আনার আগেই তাদের মৃত্যু হয়েছিল।




