
অননুমোদিতভাবে ইট প্রস্তুত ও বিপণনের দায়ে মেহেরপুরের গাংনীর তিনটি ইটভাটায় অভিযান চালিয়ে দেড় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ অভিযান চালান ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম।
ইটভাটাগুলো হচ্ছে—গাংনীর পোড়াপাড়ার আরএসবিসি, ফাইভ স্টার ও মোয়াজ ব্রিকস।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌসুমী খানম বলেন, চলতি মৌসুমে বেশ কয়েকটি ইটভাটার মালিক কোনো অনুমোদন ছাড়াই ইট প্রস্তুত ও বিপণন করে আসছে, যা আইনের পরিপন্থী। তাই এ অভিযান চালানো হয়। অভিযানে ইটভাটা মালিকরা তাদের দোষ স্বীকার করায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন ২০১৮ এর ১৫ (১) ধারা মোতাবেক গাংনীর পোড়াপাড়ার আরএসবিসি, ফাইভ স্টার ও মোয়াজ ব্রিকসের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট দেড় লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই নির্বাহী ম্যাজিস্টেট।
অভিযানে সহায়তা করে গাংনী থানা পুলিশের একটি টিম।




