
নোয়াখালীর চাটখিল উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় শিহাব উদ্দিন স্মরণ (২৬) নামে এক ছাত্রদল নেতার মৃত্যু হয়েছে। তিনি নোয়াখালী সরকারি কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র এবং নোয়াখালী জেলা ছাত্রদলের সহ-স্কুল বিষয়ক সম্পাদক ছিলেন।
বুধবার (২৮ ডিসেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার কচুয়া থেকে বটতলী সড়কের বাংলাবাজার এলাকার বসু বাড়ির দরজা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
শিহাব উদ্দিন স্মরণ উপজেলার রামনারায়ণপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পাঁচঘরিয়া গ্রামের মো. সেলিমের ছেলে।
জেলা ছাত্রদলের সভাপতি আজগর উদ্দিন দুখু বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, নিহত স্মরণ বেলা সাড়ে ১১টার দিকে ব্যক্তিগত কাজে আরেক মোটরসাইকেল আরোহীসহ চাটখিলের সোমপাড়া থেকে সাহাপুরের উদ্দেশে রওনা দেয়। যাত্রাপথে তাদের মোটরসাইকেলটি কচুয়া থেকে বটতলী সড়কের বাংলাবাজার এলাকার বসুবাড়ির দরজায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ফার্মাসিউটিক্যাল লিমিটেডের কাভার্ডভ্যান তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে স্মরণ মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যায়।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চাটখিল থানার পরিদর্শক (তদন্ত) মো. আবু জাফর জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা কাভার্ডভ্যান আটক করে। খবর পেয়ে পুলিশ কাভার্ডভ্যানটি জব্দ করে থানায় নিয়ে আসে। এ সময় চালক পালিয়ে যায়।




