
নরসিংদীতে ভেকুর চাপায় বাচ্চু ফকির (৫৮) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।
বুধবার (২৮ ডিসেম্বর) দুপুরে জেলার পলাশ উপজেলার ডাঙ্গা বাজারের সামনের এ দুর্ঘটনা ঘটে।
নিহত বাচ্চু ফকির ডাঙ্গা ইউনিয়নের হাসানহাটা গ্রামের মৃত সমির উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, প্রতিদিনের মতো সকালে হাসানহাটা গ্রামের নিজবাড়ি থেকে ডাঙ্গা বাজারে শ্রমিকের কাজ করতে যান বাচ্চু ফকির। পরে দুপুর সাড়ে ১২টার দিকে বাজারের সামনের সড়ক পার হওয়ার সময় সড়কে কাজ করা একটি ভেকুর চাপায় পিষ্ট হন তিনি। এতে ঘটনাস্থলেই বাচ্চু ফকিরের মৃত্যু হয়। পরে বাজারের লোকজন জড়ো হয়ে ভেকুর চালককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
ডাঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এএসআই) খাইরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটি ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।




