
নরসিংদীর বেলাবতে মুরগির খামারের বিষ্ঠার গর্তে পড়ে মো. খায়েশ মিয়া (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) উপজেলার রাজারবাগ গ্রামে এই দুর্ঘটনা ঘটে। শিশুটির প্রতিবেশী মামা আতাউর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
নিহত খায়েশ মিয়া কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া এলাকার কাইয়ুম মিয়ার ছেলে। খায়েশ রাজারবাগ গ্রামে তার খালু অলফত আলীর বাড়িতে থেকে লেখাপড়া করতো।
স্থানীয়রা জানান, বেলা ১১টার দিকে শিশুটি খালুর বাড়ির পাশেই খেলাধুলা করছিল। এ সময় সবার অজান্তে তার খালু অলফত আলীর মুরগির খামারের বিষ্ঠার গর্তে পড়ে যায়। খোঁজাখুঁজির পর বিকেলে শিশুটিকে উদ্ধার করে বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তানভীর আহমেদ বলেন, এ ঘটনার ব্যাপারে কিছুই জানি না। কেউ এ ব্যাপারে থানায় কোনো অভিযোগ করেনি।




