
পাবনার চাটমোহরে জমি নিয়ে বিরোধের জেরে আনিসুর রহমান আনিস (৪৮) নামে এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত আটজন।
শুক্রবার (৩০ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের প্রভাকরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আনিস ওই গ্রামের মৃত আকবর আলীর ছেলে ও পার্শ্বডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সহসভাপতি ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, প্রভাকরপাড়া গ্রামের আনিসুর রহমানের সঙ্গে প্রতিবেশী আয়নাল হকের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। শুক্রবার আনিসুর বিরোধপূর্ণ জায়গায় সীমানা প্রাচীর দেওয়ার সময় আয়নাল হক ও তার স্বজনরা বাধা দেয়। এতে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে প্রতিপক্ষের অস্ত্রের আঘাতে আনিসুর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে। তাৎক্ষণিক তিনজনকে আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।




