
পাবনার সুজানগর উপজেলার কামারহাটে সম্পন্ন হয়েছে চঞ্চল চৌধুরীর বাবা গোবিন্দ চৌধুরীর শেষকৃত্য। এখানেই দেশের বাড়ি অভিনেতার। বাবার মৃত্যুতে ব্যাপক ভেঙে পড়েছেন চঞ্চল।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা মারা যান তিনি। বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন ধরেই অসুস্থতায় ভুগছিলেন তিনি।
এ দিন রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে তেমন কিছুই লিখতে পারেননি ‘কারাগার’-এর খ্যাত এই অভিনেতা। শুধু লিখেছেন, বাবা।
মঙ্গলবার রাতে অভিনেতার পারিবারিক বন্ধু শাহনাজ খুশি ফেসবুকে লিখেছেন, অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমাদের প্রিয় বন্ধু চঞ্চল চৌধুরীর বাবা মারা গেছেন। তার আত্মার শান্তি কামনা করি। চঞ্চল এবং তার পরিবার যেন এ শোক কাটিয়ে উঠতে পারে তার জন্য প্রার্থনা করি।
এর আগে বাবাকে নিয়ে নিজের ফেসবুক পেজে লিখেছিলেন, কয়েক দিন ধরে বাবা হাসপাতালের বিছানায় অচেতন অবস্থায় রয়েছেন। চোখের জলে আমাদের বুক ভেসে যাচ্ছে। প্রার্থনা করি, আমার বাবা দ্রুত সুস্থ হয়ে উঠুক। বাবা-মাকে হাসপাতালের বিছানায় রেখে কোনো সন্তানই কখনও ভালো থাকতে পারে না। আমিও ভালো নেই।




