
একমাত্র আওয়ামী লীগের আমলেই দেশে নজীরবিহীন উন্নয়ন হয়েছে বলে মন্তব্য করেছেন নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য আলহাজ মোরশেদ আলম।
শুক্রবার (৩০ ডিসেম্বর) সকালে নোয়াখালীর সেনবাগ উপজেলার জয়নগর উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আলহাজ মোরশেদ আলম বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। আওয়ামী লীগের আমলেই মেট্রো রেল থেকে শুরু করে কর্ণফুলী টানেলসহ অসংখ্য প্রজেক্ট সম্পন্ন হতে চলেছে।
সকালে বিদ্যালয় চত্বরে জাতীয় পতাকা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। পরে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
বিদ্যালয়ের অ্যালমনাই এ্যাসোসিয়েশনের সভাপতি আবু নাসের স্বপনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লায়ন জাহাঙ্গীর আলম মানিক, বাংলাদেশ আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক উপ কমিটির সদস্য আবু নাছের চৌধুরী, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. ফরিদ উদ্দিন, সেনবাগ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম কবির। এ সময় বিদ্যালয় অঙ্গণ নতুন ও পুরাতন শিক্ষার্থীদের মিলন মেলায় পরিণত হয়। উৎসবের মিডিয়া পার্টনার ছিল দেশের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল আরটিভি।




