
যশোরে শাহাজাদী আক্তার (৩৫) নামে পুলিশের এক উপপরিদর্শককে নির্যাতনের অভিযোগ উঠেছে পুলিশ পরিদর্শক স্বামীর বিরুদ্ধে।
শুক্রবার (৩০ ডিসেম্বর) রাতে তাকে গুরুতর আহত অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভুক্তভোগী নারী পুলিশ কর্মকর্তা যশোর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জিআরও সেকশনে কর্মরত আছেন। শাহাজাদী আক্তারের অভিযোগ, স্বামী ঝিনাইদহ পিবিআই ইন্সপেক্টর কামরুজ্জামান ছুটিতে বাড়ি এসে তার ওপর নির্যাতন চালান। তবে অভিযোগ অস্বীকার করেছেন ওই ইন্সপেক্টর।
হাসপাতালে ভর্তি থাকা এসআই শাহজাদী আক্তার বলেন, কামরুজ্জামানের সঙ্গে ২০০০ সালে তার বিয়ে হয়। তাদের দুটি ছেলে আছে। তারা স্কুল-কলেজে লেখাপড়া করে।
কামরুজ্জামান প্রায়ই যৌতুকের দাবিতে তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করেন। সে কারণে তিনি স্বামীর নামে যৌতুকের মামলা করেন। ছুটিতে বাড়ি আসার পর শুক্রবার রাতে কামরুজ্জামান মামলা তুলে নিতে এবং খুলনায় তার নামে থাকা একটি জমি লিখে দিতে চাপ দেন। এ প্রস্তাবে রাজি না-হওয়ায় তাকে ছুরি দিয়ে একের পর এক আঘাত করে আহত করেন।
যশোর জেনারেল হাসপাতালের আরএমও ডা. আবদুস সামাদ জানান, এসআই শাহাজাদীকে গুরুতর অবস্থায় আনা হয়। তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।
পুলিশ ইন্সপেক্টর কামরুজ্জামান অভিযোগ অস্বীকার করে দাবি করেন, ঘটনার সময় তিনি বাইরে ছিলেন। তাকে ফাঁসানোর জন্য এ নাটক সাজানো হয়েছে।
এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার ওসি মো. তাজুল ইসলাম জানান, বিষয়টি তারা খতিয়ে দেখছেন।




