
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার চনপাড়া এলাকায় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় তিন পথচারী গুলিবিদ্ধ হয়েছেন।
বুধবার (১২ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে। তবে আহতরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গুলিবিদ্ধ ব্যক্তিরা হলেন, সামি (১৮), পারভেজ (২৭) ও রুমান (১৮)।
গুলিবিদ্ধদের হাসপাতালে নিয়ে আসা রুদ্র জানান, বুধবার সকালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ওই এলাকায় জয়নাল গ্রুপ ও শমসের গ্রুপের মধ্যে গুলির ঘটনা ঘটে। এ সময় রাস্তা দিয়ে যাওয়ার সময় তিনজন গুলিবিদ্ধ হন।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, বুধবার সকালে রূপগঞ্জ চনপাড়া এলাকা থেকে তিনজন গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন। সবাই শঙ্কামুক্ত।




