
পরিবেশ ও নদীবিষয়ক সংগঠন বাংলাদেশ নদী পরিব্রাজক দলের মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ জুলাই) ‘নদী বাঁচলে বাঁচবে দেশ’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে এ কমিটি ঘোষণা করা হয়।
সৈয়দ আফজাল হোসেনকে আহবায়ক ও পরিবেশ বৃক্ষ ও জীববৈচিত্র্য সংরক্ষণে প্রধানমন্ত্রীর জাতীয় পদকপ্রাপ্ত সাংবাদিক হৃদয় দেবনাথকে সদস্য সচিব করে ছয় সদস্যবিশিষ্ট শ্রীমঙ্গল উপজেলা শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- পরিবেশকর্মী সৈয়দ আফজাল হোসেন, পরিবেশকর্মী আলী আমজাদ ইমরান, পরিবেশকর্মী সাদিকুল ইসলাম, সাংবাদিক ইমরান হোসেন, পরিবেশকর্মী অলক দেব।
আগামী এক বছরের কার্যক্রমের সুনির্দিষ্ট পরিকল্পনা এবং বাস্তবায়নে করণীয় বিষয়গুলো এ আলোচনায় উঠে এসেছে। সংগঠনটির কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান মো. মনির হোসেনের সার্বিক দিকনির্দেশনা এবং উপস্থিত সবার মতবিনিময়ে যাবতীয় কর্মসূচির রূপরেখা প্রণয়নে বিস্তৃত আলোচনা করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিবেশকর্মী সৈয়দ আফজাল হোসেন।
উল্লেখ্য, বাংলাদেশ নদী পরিব্রাজক দল মূলত নদী ও জলাশয় রক্ষা, পরিবেশ রক্ষা, উন্নয়ন, সংরক্ষণ ও নদীর তীরবর্তী জনগোষ্ঠীর কল্যাণে গঠিত একটি স্বেচ্ছাসেবী সংগঠন। তরুণ সমাজসহ সকলকে নদী বিষয়ে আগ্রহী ও উদ্যোগী করতে সংগঠনটি নদী রক্ষায় নদী ভ্রমণ, নদী পরিদর্শনসহ বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করে ও নদীর পাড়ের মানুষের কল্যাণে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে থাকে। শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি ঘোষিত হবে বলে নিশ্চিত করেছেন সংগঠনটির সদস্য সচিব সাংবাদিক হৃদয় দেবনাথ ।




