
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি অয়েল ডিপোর ভেতরে থাকা একটি লরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সোমবার (৭ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের তিন ইউনিটের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
এ বিষয়ে বাঘাবাড়ি নৌবন্দরের নৌ-ফায়ার সার্ভিসের লিডার ফজলুল হক বলেন, বাঘাবাড়ি ওয়েল ডিপোর ভিতরে মেঘনা ওয়েল কোম্পানির জ্বালানি তেলবাহী একটি ট্যাংকলরির ইঞ্জিনে আগুন ধরে যাওয়ার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে কাজ শুরু করি। এরপর শাহজাদপুর ও বেড়া থেকে আরও ২ ইউনিট এসে আমাদের সঙ্গে যুক্ত হয়। যেহেতু এটা দাহ্যপদার্থ, তাই আগুন নিয়ন্ত্রণে আসতে একটু সময় লেগেছে।
এ বিষয়ে বাঘবাড়ি ওয়েল ডিপো ইনচার্জ ও যমুনা ওয়েল কোম্পানির ব্যবস্থাপক আবুল ফজল মোহাম্মদ সাদেকিন বলেন, আগুন এখন নিয়ন্ত্রণে রয়েছে। এ ছাড়া এ অগ্নিকাণ্ড থেকে বাঘাবাড়ি ওয়েল ডিপোতে অবস্থিত জ্বালানি তেলের ট্যাংকারগুলো নিরাপদ দূরত্বে থাকায় আতঙ্কিত হওয়ার কিছু নেই।




