
আর্তমানবতার সেবায় কাজ শুরু করেছে সামাজিক কল্যাণমূলক প্রতিষ্ঠান ‘মুনির ফাউন্ডেশন’। চট্টগ্রাম অঞ্চলে গত তিনদিন ধরে বন্যার্তদের সাহায্যে কাজ করে যাচ্ছে সংগঠনটি।
পাহাড়ি ঢলে সৃষ্ট জলাবদ্ধতা ও বন্যায় খাবার সহায়তাসহ চিকিৎসা সেবা নিয়ে মানুষের দুয়ারে হাজির হয়েছে সংগঠনের কর্মীরা। এখন পর্যন্ত ৫০০ পরিবারকে তারা সহায়তা করেছে।
সংগঠনটির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সিরাজী বলেন, অতি বৃষ্টি আর ভয়াবহ পাহাড়ি ঢলে বিপর্যস্ত বাণিজ্যিক শহর চট্টগ্রাম ও এর দক্ষিণাঞ্চল। বান্দরবান-কক্সবাজারসহ অনেক জেলা শহরের সাথে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ব্যাহত হচ্ছে বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ। এখনও পানির নীচে হাজার হাজার বাড়িঘর, শিক্ষা, ধর্মীয়, ব্যবসা প্রতিষ্ঠান। দেখা দিয়েছে সুপেয় পানির অভাব, ডুবে গেছে রান্নার চুলা। এমন অবস্থার মধ্যে সবার মতো সেবার মহান উদ্দেশ্য নিয়ে গঠিত মুনির ফাউন্ডেশন ও তার স্বেচ্ছাসেবক টিমের সদস্যরা পানি, চিকিৎসা, খাদ্যসহ প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী নিয়ে অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছে।
ইতোমধ্যে মুনির ফাউন্ডেশন এর পক্ষ হতে বিশুদ্ধ পানি, শুকনো খাবার, ওরস্যালাইন, স্যানিটারি ন্যাপকিন, মোমবাতি ও দিয়াশলাই সরবরাহ করা হয়েছে। এছাড়াও দুর্গতদের উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নিতে দুটি নৌকা কাজ চালাচ্ছে।
২০১৯ সালে যাত্রা শুরু করা চট্টগ্রামভিত্তিক এই প্রতিষ্ঠানটি মূলত দরিদ্রদের চিকিৎসা সেবা দিয়ে আসছিল। ইতোমধ্যে বিভিন্ন জটিল রোগে আক্রান্ত শত শত দরিদ্র রোগীর পাশেও আর্থিক সাহায্য নিয়ে দাঁড়িয়েছে প্রতিষ্ঠানটি।




