
মাইলেজ জটিলতা নিরসনের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন রেলের রানিং স্টাফরা।
রোববার (২৭ আগস্ট) বেলা ১১টার দিকে আখাউড়া জংশন রেলস্টেশনের ৯ নম্বর প্লাটফর্মে আখাউড়া রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। এ সময় রেলওয়ের লোকোমোটিভ রানিং স্টাফ, গার্ড, টিটিইসহ সব রানিং স্টাফরা এ বিক্ষোভ মিছিলে অংশ নেন।
বিক্ষোভ শেষে সমাবেশে বক্তারা বলেন, আজ (২৭ আগস্ট) ২০২৩ এর মধ্যে অর্থ মন্ত্রণালয় কর্তৃক আইবাস শাখার ১৮ জুন ২০২৩ এর চিঠি প্রত্যাহার এবং পূর্বের ন্যায় পার্ট অব পে ৭৫ শতাংশ মাইলেজ যোগে পেনশন ও আনুতোষিক নির্ধারণের সুস্পষ্ট আদেশ জারি করতে হবে। তা না হলে মাইলেজ নামের বেতন ও পেনশন কমানোর প্রতিবাদে ২৮ আগস্ট ২০২৩ থেকে সর্বস্তরের রানিং স্টাফদের অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করবে।
বক্তারা আরও বলেন, রেলের রানিং স্টাফরা ব্রিটিশ আইন অনুযায়ী পার্ট অব পে হিসেবে ট্রেন পরিচালনা করে আসছেন। বর্তমানে রানিং স্টাফদের আইবাস সিস্টেমে যোগদান করতে বলা হচ্ছে। এতে একজন রানিং স্টাফ ৩০ দিনের বেশি মাইলেজ সুবিধা পাবেন না। এতে ক্ষতিগ্রস্ত হবেন তারা। বর্তমানে আট ঘণ্টা ট্রেন পরিচালনার পর বিশ্রামে যাওয়ার নিয়ম থাকলেও ঘণ্টার পর ঘণ্টা ট্রেন পরিচালনা করতে হচ্ছে। ব্রিটিশ আইন অনুযায়ী শ্রমিকদের মাইলেজ সুবিধা দেওয়ার দাবি জানান তারা।
এ সময় বিক্ষোভ মিছিল ও সমাবেশে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি কবির আহমদ ভূঞাঁ সভাপতিত্ব করেন।




