
গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর প্রকাশ্যে দুধ দিয়ে গোসল করে আলোচনার জন্ম দিয়েছেন এক যুবক।
সম্প্রতি উড়িয়া ইউনিয়নের উড়িয়া গ্রামের নিজ বাড়িতে আবদুল হান্নান মিয়া (৪০) নামের ওই যুবক প্রকাশ্যে এ কাণ্ড ঘটান।
জানা যায়, গোসলে ২০ কেজি দুধ ব্যবহার করেছেন তিনি। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আবদুল হান্নান ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। এর আগে প্রায় ৫ বছর প্রবাসে ছিলেন।
এলাকাবাসী জানান, ১৬ বছর আগে নিজ এলাকার আয়শা বেগমকে পারিবারিকভাবে বিয়ে করেন আবদুল হান্নান। তাদের ১৫ ও ১২ বছরের দুই ছেলেসন্তান রয়েছে। বিয়ের পর থেকে তাদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল। এই কলহের জেরে সম্প্রতি তার স্ত্রী বাবার বাড়িতে চলে যান। এরপর আদালতে গিয়ে তার স্ত্রী এফিডেভিটের মাধ্যমে হান্নানের সঙ্গে বিচ্ছেদ ঘটান।
দুধ দিয়ে গোসলের বিষয়ে আবদুল হান্নান জানান, আইনগতভাবে তাদের বিবাহবিচ্ছেদ হয়েছে। দীর্ঘ সংসার জীবনের ঝামেলা থেকে মুক্তি পেয়েছি। এ কারণে ২০ কেজি দুধ দিয়ে গোসল করে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছি।




