
নরসিংদীতে আলাদা সড়ক দুর্ঘটনায় ৯ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। সোমবার সকালে এসব দুর্ঘটনার ঘটনা ঘটে।
নরসিংদীর সদর উপজেলার কান্দাইলে সকালে বাস ও মাইক্রোবাস সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত আরো পাঁচজন।
স্থানীয়রা জানান, যাত্রীবাহী বাসটি নরসিংদী থেকে ঢাকার দিকে যাচ্ছিল। আর মাইক্রোবাসটি বিপরীত দিক থেকে আসছিল। কান্দাইল এলাকায় যানবাহন দুটির মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে গেছে। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন। হাসপাতালে নেয়ার পর আরো দুই জনের মৃত্যু হয়। হতাহত হওয়া ব্যক্তিরা মাইক্রোবাসের আরোহী। দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
মাধবদী থানার ওসি ইলিয়াস আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ গিয়ে উদ্ধার অভিযান শুরু করেছে। তবে হতাহতদের পরিচয় জানাতে পারেননি ওসি।
তিনি আরো বলেন, দুর্ঘটনায় আহতদের নরসিংদী সদর হাসপাতালসহ আশপাশের বিভিন্ন বেসরকারি হাসপাতালে পাঠানো হয়েছে।
অন্যদিকে, শিবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে বাস-লেগুনা সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হন তিনজন। এছাড়া আহত হয়েছেন আরো পাঁচজন।
নিহতরা হলেন সরকারি প্রাইমারি স্কুলের শিক্ষক আরমান(৫০), স্থানীয় ইমাম মাসুম(৪৮) ও লেগুনা চালক। লেগুনা চালকের নাম জানা যায়নি।
জানা যায়, হবিগঞ্জ থেকে একটি যাত্রীবাহী বাস ঢাকা যাচ্ছিল। ভেলানগর থেকে যাত্রীবাহী লেগুনা যাচ্ছিল মরজাল। কারারচর মদিনা জুট মিলের কাছে পৌঁছলে তাদের মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।
ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
এসএস




