
ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়কে বাস উল্টে হেলপার বাদশা মিয়াসহ(৩০) তিনজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরো আটজন।
মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলার মাদারগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জেলার পীরগঞ্জ থেকে ঠাকুরগাঁওয়ের উদ্দেশে ছেড়ে আসা ‘মা এন্টারপ্রাইজ’ নামের একটি যাত্রীবাহী মিনিবাস মাদারগঞ্জ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পাশে উল্টে যায়। বাদশা ঘটনাস্থলেই নিহত হন।
পরে স্থানীয়রা এবং ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের একটি ইউনিট আহতদের উদ্ধার করে আধুনিক সদর হাসপাতালে ভর্তি করলে মিলন ও জোসনা নামের আরো দুই যাত্রী মারা যান।
নিহত বাদশা সদর উপজেলার মুন্সিরহাট গ্রামের আব্দুল কাদেরের ছেলে। মিলন সদর উপজেলার বরুনাগাঁও এবং জোসনা রানীশংকৈল উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুল লতিফ।
কে/এএ




