
শেরপুরের শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি পরিত্যক্ত স্থান থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৩ ডিসেম্বর) মরদেহটি উদ্ধার করা হয়।
নবজাতক কন্যা সন্তানটির মরদেহ ক্ষত-বিক্ষত অবস্থায় ছিল বলে জানিয়েছে পুলিশ। সম্ভবত শেয়াল অথবা কুকুর নবজাতকের শরীরের কিছু অংশ খেয়ে ফেলেছে।
জানা যায়, আজ সকালে হাসপাতালের মহিলা ওয়ার্ডের পেছনে নিচতলার একটি পরিত্যক্ত স্থানে মরদেহটি দেখতে পান চিকিৎসক ও নার্সরা। পরে ঘটনাটি থানায় জানানো হয়। পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর সদর হাসপাতালে পাঠায়।
শ্রীবরদী থানার এসআই শফিকুর রহমান জানান, নবজাতকের মুখের একটি অংশ কুকুর অথবা শেয়ালে খেয়ে ফেলেছে। মরদেহটির পাশে একটি ভ্যানিটি ব্যাগ ও একটি গ্যাস লাইট পাওয়া গেছে।
শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাহাত চৌধুরী জানান, কে বা কারা রাতে অন্য জায়গা থেকে এসে মরদেহটি ফেলে গেছে। নবজাতক আমাদের হাসপাতালের নয়।




