
রাজশাহী-১ আসনের বর্তমান সংসদ সদস্য ও আসন্ন জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের নৌকার মনোনীত প্রার্থী ওমর ফারুক চৌধুরীর মালিকাধীন ‘থিম ওমর প্লাজা’র ম্যানহোল থেকে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় নগরীর ‘থিম ওমর প্লাজা’র পেছনে ম্যানহোল থেকে মরদেহ উদ্ধার করা হয়।
তবে নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
পুলিশের ধারণা, কয়েক দিন আগে হত্যা করে এখানে ফেলে দেওয়া হয়েছে মরদেহটি।
উদ্ধারকৃত যুবকের আনুমানিক বয়স ৩৫ হবে।
বোয়ালিয়া থানার ওসি হুমায়ুন কবীর জানান, মঙ্গলবার সকাল থেকে এই এলাকায় তীব্র একটি গন্ধ ছড়িয়ে পড়ে। গন্ধের অনুসন্ধান করতে গিয়ে থিম ওমর প্লাজার ম্যানহোলে মরদেহ পাওয়া যায়। মরদেহটি অর্ধগলিত ছিল। চেহারা কিছুতেই বোঝা যাচ্ছে না। পরনে নীল রঙের জিন্স প্যান্ট ও গায়ে সাদা রঙের পাঞ্জাবি, পায়ে জুতা ছিল।
ওসি আরও জানান, মরদেহটির পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। কয়েক দিন আগে তাকে হত্যা করে ম্যানহোলে ফেলে গেছে। মরদেহটির পরিচয় জানার চেষ্টা চলছে। মরদেহটি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ফরেনসিক বিভাগে প্রেরণ করা হয়েছে।
ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিন ও পিবিআইয়ের সদস্যরা উপস্থিত আছেন বলেও জানান ওসি।




