
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান বলেছেন, নির্বাচনে যে বাধায় হোক না কেন, সবল কিংবা দুর্বল প্রার্থী সবাই আমার কাছে সমান। ৭ জানুয়ারি ভোটে কারচুপি হলে সেই ভোটকেন্দ্রের ভোট বাতিল করা হবে। তদন্ত সাপেক্ষে ওই কেন্দ্রের কর্মকর্তাদের বহিষ্কার করা হবে।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুর ১২টায় কুষ্টিয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রার্থীদের ও তাদের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এসব কথা বলেন।
আহসান হাবিব খান বলেন, ভোট সুষ্ঠু করতে বর্তমান নির্বাচন কমিশন জিরো টলারেন্স মন্ত্রে বিশ্বাসী। কাউকে ছাড় দেয়া হবে না। সে যত শক্তিশালীই হোক না কেন আর দুর্বলই হোক না কেন সবাই কমিশনের কাছে সমান। একটা দুইটা সহিংস ঘটনায় কথায় না শুনলে পত্র দেওয়া হবে, পত্রে কাজ না হলে একশন, এমনকি বেশি সহিংসতা করলে প্রার্থীতাও বাতিল হতে পারে।
সাংবাদিকদের বিষয়ে তিনি বলেন, সাংবাদিকদের কার্যবান্ধব সহযোগীতায় রাখার জন্য যা যা করার সবই করা হয়েছে। আর ভোটারদের বাড়ি থেকে কেন্দ্রে এনে সুষ্ঠু পরিবেশে ভোট প্রদান করার সব ব্যবস্থা কমিশন গ্রহণ করেছে।
এ সময় জেলা রিটানিং কর্মকর্তা জেলা প্রশাসক এহেতেশাম রেজা, পুলিশ সুপার এ এইস এম আব্দুর রকিব, সংসদ সদস্য প্রার্থী ও তাদের প্রতিনিধি এবং বিজিবিসহ সকল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।




