
কক্সবাজারের টেকনাফে নাফনদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২২ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ জেটির নাফনদীর কেওড়াবাগান সংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
তার আনুমানিক বয়স (৩৫) বছর। তার পরনে ছিল হাফ প্যান্ট ও টিশার্ট।
এ বিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গনি বলেন, শুক্রবার সন্ধ্যার দিকে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ জেটিঘাট থেকে ২০০ গজ উত্তরে নাফ নদীর কেওড়া বাগানে একটি অজ্ঞাত ব্যক্তির মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পায় স্থানীয়রা। পরে তারা থানা পুলিশে খবর দিলে টেকনাফ নৌ পুলিশ ফাঁড়ির একদল সদস্য ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
তিনি বলেন, নৌ পুলিশের দলটি মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে মর্গে পাঠায়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।




