
লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ), লক্ষ্মীপুর-২ (রায়পুর-সদর আংশিক) ও লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে আচরণবিধি লঙ্ঘন করায় দুইজন নৌকার প্রার্থীর প্রতিনিধি ও একজন স্বতন্ত্র প্রার্থীর ট্রাক প্রতীকের প্রতিনিধিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (২২ ডিসেম্বর) পৃথক তিনটি আসনের তিন জনকে ৫ হাজার করে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। সন্ধ্যায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
জেলা রির্টানিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, শুক্রবার লক্ষ্মীপুর-৩ আসনের সদর উপজেলার ভবানীগঞ্জ ও দত্তপাড়া ইউনিয়নে নির্বাচনী আচরণবিধি প্রতিপালনে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় ভবানীগঞ্জ ইউনিয়নের বিভিন্ন স্থাপনার দেয়ালে, গাছের গুড়িতে, যাত্রী ছাউনিতে, বিদ্যুৎ এর খুটিতে আঠা দিয়ে পোস্টার লাগিয়ে প্রচারণার দায়ে স্বতন্ত্র প্রার্থী এম এ সাত্তারের ট্রাক প্রতীকের প্রতিনিধিকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
এদিকে লক্ষ্মীপুর-২ আসনের সদর উপজেলার টুমচর, শাকচর ও চর রমনী মোহন ইউনিয়নে নির্বাচনী আচরণবিধি প্রতিপালনে অভিযান চালানো হয়। এ সময় ইউনিয়নের বিভিন্ন স্থাপনার দেয়ালে লাগানো পোস্টার, ব্যানার অপসারণ করা হয়। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় নৌকা প্রতীকের প্রার্থী নুর উদ্দিন চৌধুরী নয়নের প্রতিনিধিকে সংশ্লিষ্ট বিধি মোতাবেক পাঁচ হাজার টাকা অর্থদণ্ড প্রদানপূর্বক তাতক্ষণিক আদায় করা হয়।
অন্যদিকে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের লামচর ইউনিয়নের পানপাড়া এলাকায় মোটরসাইকেল সহকারে শোভাযাত্রা বের করে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নৌকা প্রতীকের প্রার্থী ডা. আনোয়ার হোসেন খানের প্রতিনিধিকে সংশ্লিষ্ট বিধি মোতাবেক পাঁচ হাজার টাকা অর্থদণ্ড প্রদানপূর্বক তাৎক্ষণিক আদায় করা হয়।




