
রাজশাহীর গোদাগাড়ী সীমান্ত থেকে কাওসার আলী (১৮) ও মোশাররফ হোসেন (১৯) নামে দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার চর হনুমন্তনগর এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
কাওসার আলী গোদাগাড়ী উপজেলার চর কানাপাড়া এলাকার শুকুদ্দির ছেলে ও মোশাররফ হোসেন আতিকুল ইসলামের ছেলে।
গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন গণমাধ্যমকে বলেন, ১৯ ডিসেম্বর চোরাপথে তারা ভারতের চেন্নাইয়ে কৃষিকাজ করতে যাওয়ার চেষ্টা করছিলেন। বিষয়টি টের পেয়ে বিএসএফ তাড়া দিলে বাকিরা পালিয়ে আসেন। এরপর থেকে তাদের দুজনকে পাওয়া যাচ্ছিল না। খোঁজাখুঁজির একপর্যায়ে আজ তাদের মরদেহ উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে তাড়া খেয়ে নদীতে পড়ে অথবা নদী পার হওয়ার চেষ্টা করছিলেন তারা। এ সময় তাদের মৃত্যু হতে পারে।




