
নৌকার বিপক্ষে গিয়ে স্বতন্ত্র প্রার্থীদের পক্ষ নেওয়া জাহাঙ্গীর আলমের মন্তব্যের বিষয়ে বরাবরই নীরব গাজীপুর জেলা আওয়ামী লীগ সভাপতি, গাজীপুর-১ আসনের তিনবারের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তবে এবার জাহাঙ্গীর আলমের মন্তব্যের বিষয়ে তিনি বলেছেন, গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের কোনও কথা আমি বিবেচনায় নিই না। তার কথা গুরুত্ব দেওয়ার মতো লোক তিনি এখনও হননি। যখন হবেন তখন বিবেচনা করব।
রোববার (২৪ ডিসেম্বর) কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় এক মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব বলেন মোজাম্মেল হক।
আওয়ামী লীগের পদধারী নেতারা নির্বাচনে নৌকার বিপক্ষে কাজ করলে আপনাদের কী করণীয়- এমন প্রশ্নে মোজাম্মেল হক বলেন, তাদের বিষয়ে দল সিদ্ধান্ত নেবে, এখানে আমার একক কোনও মত নেই। দল যে সিদ্ধান্ত নেবে আমি সেটার পক্ষে। যারা প্রার্থী হয়েছেন তাদের অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই৷ তবে অনেকে যে ভাষায় কুৎসা রটনা করছেন তা দুঃখজনক। যারা কথা বলছেন যদি জবাব দেওয়ার মতো পর্যায়ে তারা যান তখন জবাব দেব। এটা দেশবাসীর ও এ অঞ্চলের মানুষ নির্বাচনে মূল্যায়ন করবেন। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আগামী ৭ জানুয়ারি এ এলাকার মানুষ ভোট দিয়ে সব প্রশ্নের জবাব দেবে।
মোজাম্মেল হক বলেন, আমার বিশ্বাস জনগণ ব্যালটের মাধ্যমে সব ষড়যন্ত্র, মিথ্যাচারের দাঁতভাঙা জবাব দেবে এবং তাদের পরাজয় হবে।
এ সময় তার সঙ্গে ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান।
উল্লেখ্য, দ্বাদশ সংসদ নির্বাচন শুরু হওয়ার পর থেকেই স্বতন্ত্র প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের সমালোচনা ও তাকে নিয়ে বিভিন্ন মন্তব্য করছেন গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম।




