
নড়াইল-২ আসনের এমপি ও দ্বাদশ সংসদ নির্বাচনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ক্রিকেটার মাশরাফী বিন মর্তুজা ভোটারদের উদ্দেশে বলেছেন, আপনারা যদি মনে করেন মাশরাফীকে ভোট দেওয়ার মতো, তাহলে দেবেন না হলে দেবেন না। ৭ তারিখ পর্যন্ত আপনারা আমার দায়িত্ব নেন ৮ তারিখের পর আপনাদের জন্য যা যা করণীয় আমি করব।
সোমবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টায় লোহাগড়া শহরের প্রাণকেন্দ্রে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে (মোল্লার মাঠ) নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন ও ডক্টরস স্পেশালাইজড হাসপাতালের যৌথ উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনকালে এসব কথা বলেন মাশরাফি।
সাবেক এই ক্রিকেটার বলেন, আপনারা আমাকে বিশ্বাস করেন, আমি মন থেকে বলছি গত ৫ বছরে আমার কর্মে কোনো গাফিলতি করিনি। আমার সর্বোচ্চটুকু ঢেলে দিয়েছি। করোনার কারণে ২ বছর কাজ করার সুযোগ পাইনি। যতটুক সম্ভব হয়েছে, সাধ্যমতো চেষ্টা করেছি।
তিনি যোগ করেন, আগামী ৭ জানুয়ারি আপনারা যদি নৌকায় ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেন, গতবার যা ছিল; তার থেকে কাজের স্পৃহা বেড়ে যাবে। আপনারা কেন্দ্রে যেয়ে আপনাদের মূল্যবান ভোটটি দেবেন। আপনারা যদি মনে করেন মাশরাফীকে ভোট দেওয়ার মতো, তাহলে দেবেন না হলে দেবেন না।
এ সময় মাশরাফী উপস্থিত জনতাকে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার অনুরোধ করেন। তিনি বলেন, আমাকে যদি ভোট নাও দেন, তবুও ভোটকেন্দ্রে যাবেন, ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে আপনাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবেন।
উদ্বোধনের পূর্বে মাশরাফী বিন মর্তুজা মেডিকেল ক্যাম্প ঘুরে দেখেন এবং ফিতা কেটে মেডিকেল ক্যাম্পের আনুষ্ঠানিক চিকিৎসা কার্যক্রম উদ্বোধন করেন। এর আগে সকাল ৯টা থেকে আসা রোগীদের চিকিৎসাসেবা দিতে শুরু করেন চিকিৎসকরা। বিকেল ৩টা পর্যন্ত চলে এ ফ্রি মেডিকেল ক্যাম্প।
এ ছাড়াও আমডাঙ্গা স্কুল মাঠে মাশরাফী পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা জানান স্থানীয়রা। এ সময় নড়াইল আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে লোহাগড়া উপজেলার বেশ কয়েকটি স্থানে পথসভায় যোগ দেন মাশরাফী।




