
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নোয়াখালী হাতিয়ায় জমজমাট প্রার্থীদের প্রচার প্রচারণা। বিশেষ করে সন্ধ্যার পর জমে উঠে হাতিয়ার গ্রাম্য হাঁটবাজার গুলো।
সোমবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যার পর উপজেলার বুড়িরচর ইউনিয়নের রহমত বাজার ও হাজির বাজারে নৌকা মার্কার সমর্থনে পথসভা করেন বুড়িরচর ইউপি চেয়ারম্যান ফখরুল ইসলাম। এ সময় রাতের আধারে গ্রামের বিভিন্ন অঞ্চল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে কর্মী সমর্থকরা জমায়েত হয় সভাস্থলে। কর্মী-সমর্থকদের বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র ও মাইকের আওয়াজে সরগরম হয়ে উঠে গ্রামাঞ্চল।
এতে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মো. ইউনুছ আল মামুন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. হারুন অর রশিদ সেলিম, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাষ্টার মো. মহসিন, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক মো. সোহেল, ইউনিয়ন যুবলীগ সভাপতি মো. মামুন চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. আব্দুর রাজ্জাক, হাতিয়া ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি মোক্তাদির আলী পূর্ণসহ বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যরা।
শুধু বুড়িরচর ইউনিয়নে নয়। সন্ধ্যার পর এই প্রচার-প্রচারণা অব্যাহত থাকে হাতিয়ার ১১টি ইউনিয়ন ও পৌরসভার সর্বত্রই। এখানে মানুষজন দিনে খেতে খামারে কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকে। সন্ধ্যায় তারা বাজারে ও হাঁটে চলে আসে। সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আলোচনায় সরগরম থাকে মধ্যরাত পর্যন্ত।
দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পান উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ আলী। এছাড়া জাতীয় পার্টি থেকে একজন ও মুক্তিজোট থেকে একজন নোয়াখালী-৬ হাতিয়া থেকে নির্বাচন করছেন। ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভায় হাতিয়াতে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১৫ হাজার। আগামী ৭ জানুয়ারী ৯৬টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।




