
যশোরের বেনাপোল থেকে রাজাশাহীর বাঘা উপজেলার ছাত্রদল নেতা মতিউর রহমানকে উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৭ ডিসেম্বর) স্থানীয় পুলিশের সহযোগিতায় এই ছাত্রদল নেতাকে উদ্ধার করে বাঘা থানা পুলিশ।
মতিউর বাঘা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। বাঘা পৌরসভার মুশিদপুর গ্রামের আবদুল খালেকের ছেলে।
সম্প্রতি কেন্দ্রীয় বিএনপির এক নেতা সংবাদ সম্মেলনে ছাত্রদল নেতা মতিউর রহমানকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তরের দাবি জানান।
মতিউরের বাবা আব্দুল খালেক বলেন, গত সোমবার রাত ১০টার দিকে আমার ছেলে মতিউর নিজ গ্রাম মুশিদপুর থেকে নিখোঁজ হয়েছিল। ওই দিন রাত সোয়া ১০টার দিকে ছেলের সঙ্গে কথা হলে মুশিদপুর মোড়ে থাকার কথা জানিয়েছিল মতি। পরে মতির ব্যবহৃত মোবাইল ফোন নম্বর বন্ধ পাওয়া যায়।
বাবা আব্দুল খালেক আরও বলেন, মতিউরের কাছে পেঁয়াজ বিক্রির ও মনির নামে একজনের কাছ থেকে ধার নেওয়া টাকাসহ প্রায় সাড়ে ৪ লাখ টাকা ছিল। ছেলেকে না পেয়ে সঙ্গে সঙ্গে থানায় লিখিত অভিযোগ করি আমি।
মতিউরের নিকটাত্মীয়রা জানান, মতিউরের সঙ্গে কথা বলে জানা গেছে, সেদিন রাতে তাকে অজ্ঞান করে নিয়ে যাওয়া হয়। পরে বেনাপোল থানা এলাকায় ফেলে রেখে যায়। জ্ঞান ফিরলে তিনি বেনাপোল থানায় হাজির হন। তার জ্যাকেট ও কাছে থাকা টাকা পাওয়া যায়নি।
বোনাপোল থানার মাধ্যমে খবর পেয়ে উদ্ধারে যান বাঘা থানার এসআই সামিউল আলম।
তিনি জানান, বুধবার বিকেলে বোনাপোল থানায় পৌঁছেন তারা। এদিন সন্ধ্যা ৬টায় মতিউরকে তার কাছে হস্তান্তর করে বেনাপোল থানা পুলিশ। থানায় নিয়ে জিজ্ঞাসাবাদে বিস্তারিত জানা যাবে।




