
বরগুনার পাথরঘাটায় মো. মাসুদ রানা (১৭) নামের এক মাদরাসাছাত্র ৫ দিন ধরে নিখোঁজ রয়েছেন।
শুক্রবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে নিখোঁজের বাবা মানিকের কাছে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে অপহরণকারীরা।
এর আগে সোমবার (২৫ ডিসেম্বর) মাসুদ রানা নিখোঁজ হন। মাসুদের বাবার নাম মানিক মিয়া, তার বাড়ি পাথরঘাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে।
নিখোঁজের বাবা মানিক মিয়া মুক্তিপণ দাবির বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোমবার (২৫ ডিসেম্বর) সকালে পাথরঘাটা পৌরসভার ১নং ওয়ার্ডের গোরস্থান হাফেজিয়া মাদারসায় ছিল। হঠাৎ মাদরাসা শিক্ষকরা মুঠোফোনে খবর জানতে চাই যে, তার ছেলে মাসুদ রানা বাড়িতে পৌঁছেছে কি না। পরে ছেলে বাড়িতে ফিরে না আসার খবর পেয়ে সবাই মাসুদ রানাকে খোঁজাখুঁজি করতে শুরু করে। কিন্তু কোনো খোঁজ না পাওয়ায় শুক্রবার (২৯ ডিসেম্বর) পাথরঘাটা থানায় সাধারণ ডায়েরি করা হয়।
তিনি আরও জানান, শুক্রবার সন্ধ্যা ৭টায় অজ্ঞাতনামা এক লোক তার কাছে ছেলের বিনিময়ে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
পাথরঘাটা থানার ওসি আনোয়ার হোসেন বলেন, শুক্রবার মাসুদ রানার মা মোসা. লাকি পাথরঘাটা থানায় নিখোঁজের সাধারণ ডায়েরি করেছেন। আমাদের অনুসন্ধান চলছে। তবে ১ লাখ টাকা মুক্তিপণের খবর আমাদের জানা নেই বা পরিবারের পক্ষ থেকে জানানো হয়নি।




