
নোয়াখালীতে ভুল চিকিৎসায় নবজাতকসহ প্রসূতির মৃত্যুর ঘটনায় সদরের ‘সাউথ বাংলা’ নামে একটি হাসপাতালের অপারেশন থিয়েটার সিলগালা করে দেওয়া হয়েছে।
বুধবার (২৭ ডিসেম্বর) বিকেলে নোয়াখালী সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখারের নেতৃত্বে ওই হাসপাতালে এ অভিযান চালানো হয়।
এ সময় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাউথ বাংলা হাসপাতালের অপারেশন থিয়েটার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার।
তিনি বলেন, সেনবাগ উপজেলার সাংবাদিক এম এ আউয়ালের মেয়ে ও নাতির মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
জানা যায়, গত ১৬ অক্টোবর রাত পৌনে ১২টায় ভুল অস্ত্রোপচারে সেনবাগ উপজেলার দক্ষিণ কাদরা গ্রামের সাংবাদিক এম এ আউয়ালের মেয়ে উম্মে সালমা নিশিসহ (২৭) তার নবজাতকের মৃত্যুর অভিযোগ ওঠে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করে জেলা সিভিল সার্জন কার্যালয়। তদন্ত কমিটি ঘটনার সত্যতা পাওয়ায় কমিটি কিছু সুপারিশ করে যার ভিত্তিতেই অভিযান পরিচালনা করে হাসপাতালটির অপারেশন থিয়েটার বন্ধ রাখার নির্দেশ দেন জেলা সিভিল সার্জন।
সাংবাদিক এম এ আউয়াল বলেন, আশা করছি স্বল্প সময়ে জড়িত চিকিৎসকদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে।




