
কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার মিজান সাঈদের ঈগল প্রতীকের প্রচারণার গাড়ি ভাঙচুরের ঘটনায় অজ্ঞাত ১২ জনকে আসামি করে রামু থানায় মামলা হয়েছে।
ভাঙচুর করা অটোরিকশা চালক মো. শফি আলম বাদী হয়ে বুধবার (২৭ ডিসেম্বর) রাতে দায়ের করা এজাহারটি নথিভুক্ত করা হয়েছে বলে নিশ্চিত করেন রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) ওসি জানান, দায়ের করা এজাহারটি মামলা হিসেবে গ্রহণ করে পুলিশ ইতিমধ্যে ঘটনায় জড়িতদের শনাক্ত করতে কাজ শুরু করেছে। যারাই জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
আজ বেলা ১১ টায় কক্সবাজার প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুরো ঘটনার জন্য নৌকা প্রতীকের প্রার্থী এমপি সাইমুম সরওয়ার কমলকে দায়ী করে ব্যারিস্টার মিজান সাঈদ বলেন, চালক প্রচারণার গাড়ি নিয়ে বুধবার ৫টায় রামু উপজেলার বাইপাস সড়কের ফুটবল চত্বর পার হয়। এ সময় একটি নোহা গাড়ি ও দুটি মোটর সাইকেল নিয়ে নৌকা মার্কার সমর্থিত অজ্ঞাত লোকজন গাড়ির সামনে ব্যারিকেড দিয়ে গাড়ির গতিরোধ করে ভাঙচুর করা হয়। এ সময় গাড়িতে থাকার কর্মী মো. নাছির উদ্দিনকে মারধর করা হয়।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, নৌকা প্রার্থী ও সমর্থকরা বিভিন্ন এলাকায় প্রচারণায় বাঁধা সৃষ্টি, হুমকি, ফাঁকা গুলিবর্ষণ করছে। বিষয়টি সংশ্লিষ্টদের অবহিত করা হয়েছে।
এ ঘটনার পুরো বিষয়টি অস্বীকার করেন নৌকার প্রার্থী এমপি সাইমুম সরওয়ার কমল। তিনি বলেন, ‘শান্তিপূর্ণ নির্বাচনকে অস্থির করতে ওই স্বতন্ত্র প্রার্থী অপতৎপরতা চালাচ্ছেন। বিভিন্ন এলাকায় নৌকার পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে। উদ্দেশ্যমূলক মিথ্যা ও অপপ্রচার চালানো হচ্ছে।




