
সিলেট-৬ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তৃণমূল বিএনপির চেয়ারম্যান শমসের মুবিন চৌধুরী। এ আসনে নৌকা প্রতীকের প্রার্থী থাকলেও স্থানীয় আওয়ামী লীগের একটি অংশ শমসেরের প্রচার-প্রচারণায় অংশ নিচ্ছেন।
শুক্রবার (২৯ ডিসেম্বর) গোলাপগঞ্জ উপজেলার একাধিক স্থানে শমসের মুবিন চৌধুরীর পক্ষে আওয়ামী লীগের কয়েকজন নেতাকে গণসংযোগ করতে দেখা গেছে।
এ বিষয়ে জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মঞ্জুর শাফি চৌধুরী দাবি করেছেন, তিনি তৃণমূল বিএনপির চেয়ারম্যানের পক্ষে প্রকাশ্যে কিংবা অপ্রকাশ্যে কোনো অবস্থান নেননি। তবে সিলেট-৬ আসনে কয়েকজন প্রার্থী সরব থাকায় জমজমাট ও উৎসবমুখর নির্বাচন হবে বলে তিনি ধারণা করছেন।
এদিকে আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে প্রকাশ্যে শমসের মুবিন চৌধুরীর পক্ষে কাজ করছেন গোলাপগঞ্জ পৌর আওয়ামী লীগের সাবেক সহদপ্তর সম্পাদক মিনহাজ উদ্দিন এবং উপজেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক ও পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আশিকুর রহমান।
তারা জানান, বর্তমান সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদের সঙ্গে দলের কর্মী-সমর্থকদের দূরত্ব তৈরি হয়েছে। তাই তাদের মতো আওয়ামী লীগের অনেক নেতাকর্মী শমসেরের পক্ষে আছেন।
বৃহস্পতিবার বিকেলে গোলাপগঞ্জ উপজেলার আমুড়া ইউনিয়নের আমনিয়া বাজারে শমসের মুবিন চৌধুরীর নির্বাচনী পথসভায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক দাবি করা শফিকুর রহমান ওরফে রিপন নৌকার প্রার্থীর সমালোচনা করে প্রকাশ্যে বক্তব্য দিচ্ছেন।
সভা শেষে শফিকুর রহমান গণমাধ্যমকে বলেন, বিগত পাঁচ বছর আগে বর্তমান সংসদ সদস্যের পক্ষে আমি সরব ছিলাম। নির্বাচন শেষে তিনি আর কর্মীদের খবর নেননি। এ ক্ষোভেও আমি এবার ভালো মানুষের পক্ষে প্রচারণা চালাচ্ছি।
উল্লেখ্য, সিলেট-৬ আসনের বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগের নুরুল ইসলাম নাহিদ। আওয়ামী লীগের হয়ে তিনি ১৯৯৬ সালের সপ্তম, ২০০৮ সালের নবম, ২০১৪ সালের দশম ও ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হন। নবম জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ার পর টানা দুদফা শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন। আর এবার তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী গোলাপগঞ্জ উপজেলার বাসিন্দা শমসের মুবিন বিএনপির ভাইস চেয়ারম্যান ছিলেন। ২০১৫ সালে তিনি বিএনপি থেকে পদত্যাগ করে বিকল্পধারা বাংলাদেশে যোগ দেন। বর্তমানে তিনি তৃণমূল বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।




