
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) কিছু কর্মকর্তার কারণে চাকরি নিয়মিতকরণ, স্থায়ীকরণ ও পদোন্নতিসহ বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ করেছেন বিভিন্ন সরকারি কলেজের একদল শিক্ষক।
কর্মকর্তাদের হিংসা ও নানা অজুহাতের জন্য শিক্ষকরা নানান সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ করা হয়েছে।
রোববার (৫ ফেব্রুয়ারি) সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘বিসিএস সাধারণ শিক্ষা পরিষদ’-এর ব্যানারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন শিক্ষকরা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বিধিমালা ২০০০–এর আলোকে ৭ থেকে ১০ বছর আগে নিয়োগ পেলেও অনেকের চাকরি নিয়মিতকরণ করা হচ্ছে না। ২৭টি কলেজের ছয় শতাধিক শিক্ষক এ সমস্যায় আছেন।
এ সময় সমস্যা সমাধানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অনুরোধ জানান শিক্ষকরা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সংগঠনের আহ্বায়ক মিজানুর রহমান, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক এস এম শামীম, সদস্যসচিব মুহাম্মদ আবদুল কাইয়ুম, সদস্য মোহাম্মদ আবু সায়েম প্রমুখ।




