
নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ্ব মোরশেদ আলম বলেছেন, আওয়ামী লীগের মুখোশ পরে ভোটারদের ধোঁকা দিচ্ছেন স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান ভূঁইয়া মানিক। তাই আমাদের এসব ধোঁকাবাজ থেকে সাবধান থাকতে হবে।
শুক্রবার (২৯ ডিসেম্বর) নোয়াখালীর সেনবাগে নারী ভোটারদের এক সমাবেশে এ মন্তব্য করেন তিনি।
এ সময় সমাবেশে সহস্রাধিক নারী ভোটার উপস্থিত ছিলেন। আবারও নির্বাচিত হলে কেবল উন্নয়ন নয় সেনবাগের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতেও ভূমিকা রাখার কথা জানান তিনি।
মোরশেদ আলম বলেন, ১০ বছর এলাকার উন্নয়নের পাশাপাশি শান্তি বজায় রাখতে চেষ্টা করেছেন। তৃতীয়বার সুযোগ পেলে সেই ধারা অব্যাহত রেখে সেনবাগকে সারাদেশের মধ্যে একটি আধুনিক ও স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তুলবেন। আমি নির্বাচিত হলে সেনবাগের প্রতিটি মানুষ যাতে সুখে ও শান্তিতে বসবাস করতে পারে সেজন্য আইন-শৃঙ্খলার দিকে বেশি গুরুত্ব দেওয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি হাসান মঞ্জুর, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কবির, মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ আলম রিগান, অর্জুলতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিনসহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।




