
নোয়াখালী-২ আসনের বর্তমান সংসদ সদস্য ও নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ মোরশেদ আলম বলেছেন, আমি এমপি হলে আর কোনো কাজ বাকি থাকবে না। উন্নয়ন সকলের ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে। ১০ বছর সততার পরীক্ষা দিয়েছি। আদর্শ ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছি। আগামী দিনে স্মার্ট উন্নয়ন বাস্তবায়ন করবো আপনাদের জন্য।
শনিবার (৩০ ডিসেম্বর) সোনাইমুড়ী উপজেলার নাটেশ্বর ইউনিয়নের এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মোরশেদ আলম এমপি বলেন, আমি দুবার এমপি ছিলাম। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে আবার নৌকা দিয়েছে উন্নয়নের কারণে, সততার কারণে। উন্নয়নের স্বার্থে আপনারা নৌকাকে জয়ী করবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সার্ক চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজের সভাপতি ও বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ভাইস চেয়ারম্যান মো. জসিম উদ্দিন বলেন, সব রাস্তা হয়ে গেছে। এখন শুধু বাড়ির বাড়ি রাস্তা করে দেওয়া বাকি। এবার নৌকা জিতলে অসমাপ্ত কাজগুলো করে দেওয়া হবে। নারীদের জন্য শেখ হাসিনা ভাতার ব্যবস্থা করেছেন। সকলে ভাতা পাওয়ার জন্য নৌকাকে জয়ী করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন সোনাইমুড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মমিনুল ইসলাম বাকের, সাধারণ সম্পাদক আফম বাবুল বাবু, নোয়াখালী জেলা সমিতির সাধারণ সম্পাদক টিপু, নাটেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মির্জা জহিরুল হক মামুন, সাধারণ সম্পাদক রহমত উল্যাহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।




