
আমার পরিবার এই জাতিকে দিতে এসেছে, নিতে নয় বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-১৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ।
শুক্রবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় কর্ণফুলী উপজেলার পশ্চিম চরলক্ষ্যা মৌলভীপাড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী সভায় এ মন্তব্য করেন তিনি।
ভূমিমন্ত্রী বলেন, আমি মন্ত্রী হয়েছি ১০ বছর আগে। কিন্তু ব্যবসা করি গত ৩০ বছর ধরে। চেম্বার অব কমার্সের সভাপতি ছিলাম। তখনও ব্যক্তিগত কাজে চেয়ার ব্যবহার করিনি। আমার বাবা বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান চৌধুরী বাবু দেশের মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেন। পরবর্তী সময়ে তিনি বহুবার জনপ্রতিনিধি ছিলেন। পারিবারিকভাবে ব্যবসায়ী পরিবার। আমার পরিবার এই জাতিকে দিতে এসেছে। নিতে নয়।
ভূমিমন্ত্রী বলেন, আল্লাহ চেয়েছেন বলে আমি মন্ত্রিত্বের দায়িত্ব পেয়েছি। দায়িত্ব পাওয়ার পর থেকে ঈমানের সঙ্গে দায়িত্ব পালনের চেষ্টা করে গেছি। আমি মন্ত্রিত্বের চেয়ার কখনও ব্যক্তিগত কাজে ব্যবহার করিনি। তা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি।
ভূমিমন্ত্রী বলেন, আমার পরিবার ছিল পুরোদমে ব্যবসায়ী পরিবার। আমি পড়াশোনা করেছি বিলেতে। তখন থেকে আমি পড়াশোনার পাশাপাশি ব্যবসার দিকেও নজর রাখতাম। আমার কখনও রাজনীতিতে আসার ইচ্ছে ছিল না। কিন্তু বাবার (আখতারুজ্জামান চৌধুরী বাবু) জানাজায় লাখো মানুষের ভালোবাসা দেখে রাজনীতিতে আসতে বাধ্য হই।
সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেন, সংবিধান অনুযায়ী প্রতি ৫ বছর পর পর নির্বাচন হবে, এটাই গণতন্ত্রের শক্তি। বিএনপিকে দেশের মানুষ ভালোবাসে না। তারা জানে নির্বাচনে এলে হেরে যাবে। তাই তারা নির্বাচনে আসেনি। আমি ভূমি মন্ত্রণালয়ে এই ১০ বছরে আমূল পরিবর্তন করেছি। যা বিএনপির আমলে দুর্নীতির আখরা ছিল।
সভায় চরলক্ষ্যা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিক আহমদ সভাপতিত্ব করেন। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক হারুনুর রশিদ।
আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক সোলায়মান তালুকদার, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হায়দার আলী রনি, উপদেষ্টা আজিজুর রহমান, দিদারুল ইসলাম চৌধুরী, সাবেক চেয়ারম্যান মো. ইয়াছিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ইসমাঈল, সাংগঠনিক সম্পাদক আলমগীর খসরু প্রমুখ।




