
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্ত্রী-সন্তান ও ভাই-বোনসহ নিকটাত্মীয়দের নিয়ে নির্বাচনের মাঠে নৌকার প্রচারণায় নেমেছেন ফেনী-২ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী।
রোববার (৩১ ডিসেম্বর) ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের বিভিন্ন স্থানে নৌকার প্রচারণামূলক পথসভায় তারা অংশ নেন।
সভায় অংশ নেওয়া দলীয় নেতাকর্মীসহ বিপুল সংখ্যক নারী-পুরুষ তাদের অভ্যর্থনা জানান।
এ সময় স্ত্রী নুরজাহান বেগম নাসরিন, বড় মেয়ে নুর আহাদ জাহান স্নিগ্ধা ও ছোট মেয়ে স্নেহা হাজারী হাত নেড়ে অভ্যর্থনার জবাব দেন।
ফকিরহাট আবু বকর উচ্চবিদ্যালয় ও মরুয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সভায় বক্তব্য রাখেন নিজাম হাজারীর বোন আঞ্জুমান আরা বেগম লতা।
তিনি বলেন, আজকে নিজাম হাজারী আপনাদের কাছে চাইতে এসেছেন। ৭ জানুয়ারি নির্বাচন। সেদিন কষ্ট করে ভোটকেন্দ্রে যাবেন। দয়া করে সবাই নৌকা মার্কায় ভোট দেবেন। পরিবারের সবার পক্ষ থেকে নৌকা মার্কায় ভোট চাইতে এসেছি। বালিগাঁও এখন কত নান্দনিক। এটা প্রত্যন্ত গ্রাম ছিল। আগামীতে বালিগাঁও পর্যটন হয়ে যাবে।
সভায় স্বজনদের মধ্যে ছোট ভাই আব্বাস উদ্দিন হাজারী, চাচাতো ভাই কুতুব উদ্দিন হাজারী, বড় বোন কামরুন নাহার কচি ও মেঝ বোন রোকসানা আফরোজ লুচি, বড় ভাবি মোহছেনা আক্তার, ভাতিজি তুলতুল হাজারী, চাচাতো ভাই পৌরসভার কাউন্সিলর লুৎফুর রহমান খোকন হাজারী, ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক রাশেদুল হক হাজারী অংশ নেন।
ফেনী সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান শুসেন চন্দ্র শীলের পরিচালনায় এখানে বক্তব্য রাখেন ফকিরহাট আবু বকর উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র প্রধান শেখ আবদুর শুক্কুর মানিক ও মরুয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র প্রধান শেখ সেলিম।
নিজাম হাজারী বলেন, নির্বাচনকে কেন্দ্র করে লন্ডন থেকে এসেছেন ছোট ভাই আব্বাস হাজারী ও চাচাতো ভাই কুতুব হাজারী। পরিবারের সবাইকে নিয়ে আপনাদের কাছে ভোট ভিক্ষা চাইতে এসেছি।




