
খুলনায় ট্রাকের ধাক্কায় আলমগীর (৪০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
শনিবার (৩০ ডিসেম্বর) সকাল ৯টার দিকে খুলনার লবণচরা থানাধীন জিরো পয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলমগীর সাতক্ষীরার তালা উপজেলার মোজাহারের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, সাতক্ষীরা থেকে মোটরসাইকেলে দুই ব্যক্তি রূপসার দিকে যাচ্ছিলেন। জিরো পয়েন্ট পৌঁছালে দ্রুতগাতিতে ছুটে আসে একটি ট্রাক মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল যাত্রী আলমগীর মাথায় গুরতর আঘাত পান।
এছাড়া চালক সেতু মোড়ল শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হন। তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে চিকিৎসাধীন অবস্থায় আলমগীরের মৃত্যু হয়। তবে সেতু মোড়লের অবস্থা গুরুতর নয়।
নগরীর লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। ট্রাকটি আটক আছে।




