
মেহেরপুরের গাংনীতে বাসের ধাক্কায় মোকারম হোসেন (৪৩) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলচালক মোতালেব হোসেন।
শুক্রবার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের তেরাইল নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোকারম হোসেন এসিআই ফুডের বিক্রয় প্রতিনিধি এবং আহত মোতালেব হোসেন প্রাণের রাইস গ্রুপের বিক্রয় প্রতিনিধি। মোকারমের বাড়ি কুষ্টিয়ার খোকসা উপজেলায় এবং মোতালেবের বাড়ি রাজশাহীর বাঘা উপজেলায়। তাদের পরিচয় নিশ্চিত করেছেন এসিআই ফুডের মেহেরপুরের পরিবেশক হাসিনা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আখতারুজ্জামান।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে মেহেরপুর শহর থেকে পেশাগত দায়িত্ব পালনের লক্ষ্যে মোটরসাইকেলে বামুন্দীর দিকে যাচ্ছিলেন মোকারম ও মোতালেব। তেরাইল কলেজের কাছে পৌঁছালে কুষ্টিয়াগামী একটি দ্রুতগামীর বাস পেছন থেকে তাদের ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেলচালক মোতালেব রাস্তার পাশে ছিটকে পড়লেও আরোহী মোকারম হোসেন পড়েন বাসের চাকার নিচে। বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান মোকারম। বাসটি দ্রুতগতিতে ঘটনাস্থল ত্যাগ করে। পরে বামুন্দি বাসটি আটক করা হয়েছে বলে জানায় পুলিশ। আহত মোতালেব প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
ঘটনাস্থল থেকে গাংনী থানার এস আই আতিকুর রহমান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হচ্ছে। বাসটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া করছে পুলিশ।




