
কিশোরগঞ্জের কুলিয়ারচরে মা ও ছেলে হত্যা মামলায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৩ এর বিচারক মুহা. আবু তাহের এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন নরসিংদী জেলার বেলাবো উপজেলার আমলাব সাহাপাড়া গ্রামের জাহেদ আলীর ছেলে নজরুল ইসলাম ও মমরুজ ভূঞার ছেলে জুয়েল ভূঞা।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, নরসিংদীর শিবপুর উপজেলার বেতাগিয়া গ্রামের গৃহবধূ দিপালী বেগম দিপার সঙ্গে আসামিদের টাকা লেনদেন নিয়ে বিরোধ ছিল। আসামিদের কাছে দিপা তার ধারের টাকা চাইলে তারা দিপাকে হত্যার পরিকল্পনা করেন।
২০০৯ সালের ১ আগস্ট আসামিরা টাকা ফেরত দেবার কথা বলে দিপা ও তার পাঁচ বছরের ছেলে বশিরকে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ফরিদপুরে মাজার শরীফে ডেকে নিয়ে যায়। পরে মাজারের কাছে নদীর পাড়ে নিয়ে বশিরকে গলা টিপে ও পানিতে চুবিয়ে এবং দিপালীকে হাতুড়ি ও লোহার রড দিয়ে মাথায় আঘাত করে হত্যা করে। পরে আসামিরা তাদের মৃত্যু নিশ্চিত করে তাদের নদীর পাড়ে ফেলে রেখে যায়।
এ ব্যাপারে কুলিয়ারচর থানার এসআই মজিবুর রহমান বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। আসামি জুয়েল পলাতক।
এসএস




