
পাবনায় অ্যাসিড নিক্ষেপ মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন পাবনা জেলা ও দায়রা জজ আদালত।
সোমবার দুপুরে বিচারক শরনিম আকতার এই রায় দেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম আয়তাল হোসেন(৩৮)ওরফে আয়নাল। তিনি ঈশ্বরদী উপজেলার মুলাডুলি গ্রামের আইনুল হকের ছেলে।
আদালত সূত্রে জানা যায়, প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ২০০৯ সালের ২২ নভেম্বর মুলাডুলি গ্রামের আজিমুদ্দিনের মেয়ে নাসরিনকে(৩০) অ্যাসিড নিক্ষেপ করে আয়নাল।
পরে নাসরিনের মা জাহেদা খাতুন বাদী হয়ে ঈশ্বরদী থানায় শুধু আয়নালকে আসামি করে মামলা করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ঈশ্বরদী থানার উপ-পরিদর্শক(এসআই) মোহাম্মদ আলী দীর্ঘ তদন্ত শেষে ২০১০ সালের ২১ জানুয়ারি আয়নালকে অভিযুক্ত করে প্রতিবেদন দাখিল করেন।
১৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে শরনিম আকতার আসামির উপস্থিতিতে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ৩০ হাজার টাকা জরিমানা করেন।
আসামিপক্ষে অ্যাডভোকেট আব্দুস সামাদ কিরন ও অ্যাডভোকেট তৌফিক ইমাম খান এবং সরকারি পক্ষে অতিরিক্ত পিপি অ্যাডভোকেট আ. জাহিদ রানা মামলাটি পরিচালনা করেন।
জেবি/কে




