
পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে মো. হাসান (৪৫) নামের এক জেলে নিখোঁজ হয়েছেন।
মঙ্গলবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় বঙ্গোপসাগরের রামনাবাদ চ্যানেলের দক্ষিণে বয়া এলাকায় হঠাৎ সমুদ্র উত্তাল হয়ে উঠলে ঢেউয়ের আঘাতে ট্রলারের কিনারে বসে থাকা ওই জেলে সমুদ্রে তলিয়ে যান। ঘটনার পরপরই দুর্ঘটনার শিকার ট্রলারের মালিক মো. বেল্লাল হোসেন কাজী ঘটনাস্থলে চার-পাঁচটি অতিরিক্ত ট্রলার পাঠিয়ে খোঁজাখুঁজি অব্যাহত রেখেছেন।
জানা যায়, গত ৫ দিন আগে মৎস্য বন্দর আলীপুর থেকে মাছ শিকারের উদ্দেশ্যে বঙ্গোপসাগরে ১৪ জন জেলে নিয়ে বের হয় এফবি তিমুল ফারজানা। এখনও পর্যন্ত খোঁজ মেলেনি ওই জেলের।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মহিপুর থানার ওসি (তদন্ত) আসলাম খান।
তিনি বলেন, আমরা একজন জেলে নিখোঁজ হওয়া সম্পর্কে জেনেছি। থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। নৌপুলিশের সহায়তায় পরবর্তী আইনানুসারে ব্যবস্থা নেবো।




