
শরীয়তপুর জেলার উপকর কমিশনার অফিসের উচ্চমান সহকারী মো. রেদোয়ানুল মল্লিকের বিরুদ্ধে ঘুষ নেয়ার অভিযোগ উঠেছে।
পরে তার ঢাকা সার্কেলে তাৎক্ষণিক বদলির আদেশ হলে, অফিস কর্তৃপক্ষ স্ট্যান্ডরিলিজ করে।
গতকাল বৃহস্পতিবার অফিস চলাকালীন সময়ে তাকে রিলিজ অর্ডার দেয়া হয়েছে।
আয়কর অফিস সূত্রে জানা গেছে, গেলো বৃহস্পতিবার অফিস চলাকালীন সময়ে শরীয়তপুর আয়কর অফিসের উচ্চমান সহকারী মো. রেদোয়ানুল মল্লিক তার কার্যালয়ে বসে রিটার্ন জমা দিতে যাওয়া বিভিন্ন করদাতার কাছ থেকে আয়করের বাইরে অতিরিক্ত টাকা নেন বলে অভিযোগ উঠে।
চালানের মাধ্যমে ব্যাংকে টাকা জমা দেয়ার নিয়ম থাকলেও তিনি নগদ দুই হাজার থেকে শুরু করে ব্যক্তি বিশেষ আট হাজার পর্যন্ত টাকা নিয়েছেন বলে রিটার্ন জমা দিতে আসা ভুক্তভোগীরা জানিয়েছেন।
মো. রেদোয়ানুল মল্লিক শিক্ষক, অ্যাডভোকেট, ব্যাংকার, ক্ষুদ্র ব্যবসায়ী, ঠিকাদার ও সাংবাদিকসহ বিভিন্ন পেশার লোকজনের কাছ থেকে ঘুষ নিয়েছেন।
গতকাল বৃহস্পতিবার ছিল আয়কর রিটার্ন জমা দেয়ার শেষ দিন। এ কারণে আয়কর অফিসে ছিল করদাতাদের ভিড়।
এ সুযোগ কাজে লাগিয়ে অফিসের উচ্চমান সহকারী রেদোয়ানুল মল্লিক যাদের কোনো ট্যাক্স হয় না তাদের থেকে আয়কর মওকুপের কথা বলে টাকা নিয়েছেন। আবার যাদের ট্যাক্স হয়েছে তাদের আয়কর কমিয়ে দেয়ার কথা বলে টাকা নেন।
যদিও অফিসে নগদ কোনো টাকা গ্রহণ করার বিধান নেই।
এরপরও অফিসের উচ্চমান সহকারী রেদোয়ানুল মল্লিক নগদ টাকা নিয়ে তার ব্যক্তিগত ড্রয়ারে রাখেন। যা স্থানীয় সাংবাদিকের ক্যামেরায় ধরা পড়ে।
এ সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রচারের পর গেলো বৃহস্পতিবার ঢাকা আয়কর কমিশনার তাকে তাৎক্ষণিক ঢাকা সার্কেলে বদলি করেন।
নির্দেশ পেয়ে শরীয়তপুরের অতিরিক্ত কর কমিশনার মো. তৌহিদুল করিম তাকে স্ট্যান্ডরিলিজ করেন।
পূর্ব মাদারী কলেজের শিক্ষক অধ্যাপক শফিউল বাশার স্বপন আরটিভি অনলাইনকে বলেন, শরীয়তপুর আয়কর অফিসের উচ্চমান সহকারী মো. রেদোয়ানুল মল্লিক আমাদের থেকে রিটার্ন জমা দেয়ার সময় টাকা নিয়েছেন। তাকে বদলি করায় আমরা খুশি হয়েছি।
শরীয়তপুর উপকর কমিশনার অফিসের অতিরিক্ত কর কমিশনার মো. তৌহিদুল করিম বলেন, আমাদের অফিসে নগদ কোনো টাকা গ্রহণের নির্দেশ নেই।
তারপরও মো. রেদোয়ানুল মল্লিক চালানের মাধ্যমে করদাতাদের কাছ থেকে অতিরিক্ত টাকা নিয়েছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাই। এ বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচার হওয়ায় পর ঢাকার আয়কর কমিশনার তাকে বদলি করে স্যান্ডরিলিজ করার নির্দেশ দেন।
নির্দেশ পাওয়ায় পর অফিস চলাকালীন সময়ে তাকে রিলিজ করা হয়েছে।
জেবি/জেএইচ




