
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে ফেনীর ছাগলনাইয়া উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে চেয়ারম্যান পদে বিপুল ভোটে জয়ী হয়েছেন জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান মজুমদার। তিনি কাপ-পিরিচ প্রতীকে ৫৪ হাজার ৯২১ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দোয়াত-কলম প্রতীকের প্রার্থী এ এস এম সহিদ উল্ল্যাহ মজুমদার পেয়েছেন ১ হাজার ৩৪৯ ভোট। অপর প্রার্থী কাজী জায়েদ মোহাম্মদ গোলাম ফারুক টেলিফোন প্রতীক পেয়েছেন ৭৯৯ ভোট।
বুধরার (৫ জুন) রাতে বেসরকারি ফলাফল ঘোষণা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং কর্মকর্তা অভিষেক দাশ।
এ উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিবি জুলেখা শিল্পী কলস প্রতীকে ৪৯ হাজার ১৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে একক প্রার্থী থাকায় আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন।
নির্বাচন কার্যালয় হতে প্রাপ্ত তথ্যানুযায়ী, এ উপজেলায় ১ লাখ ৬৯ হাজার ১ জন ভোটারের মধ্যে চেয়ারম্যান পদে ৫৯ হাজার ৪৮৪ জন ভোট দিয়েছেন। মোট বৈধ ভোটের সংখ্যা ৫৮ হাজার ২৫৯। বাতিল করা হয়েছে ১ হাজার ২২৫ ভোট। নির্বাচনে মোট ভোটারেরা ৩৫ দশমিক ২০ শতাংশ ভোট দিয়েছেন।
চতুর্থ ধাপে ৬০টি উপজেলায় একজন চেয়ারম্যান, তিনজন ভাইস চেয়ারম্যান ও একজন মহিলা ভাইস চেয়ারম্যান ইতোমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এ নির্বাচনে চেয়ারম্যান পদে ২৫১, ভাইস চেয়ারম্যান পদে ২৬৫ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২০৫ জনসহ মোট ৭২১ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সবমিলিয়ে এই ধাপে মোট ভোটার সংখ্যা ২ কোটি ১৭ লাখ ৩৪ হাজার ২৫৫ জন।




