
রাঙামাটি জেলার জুরাছড়ি উপজেলা যুবলীগের সহ-সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অরবিন্দু চাকমাকে গুলি করে হত্যার প্রতিবাদে বৃহস্পতিবার রাঙামাটিতে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে জেলা যুবলীগ।
বুধবার বিকেলে এক প্রতিবাদ সমাবেশ থেকে হরতালের ডাক দেয় রাঙামাটি জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ কাজল।
বুধবার বেলা তিনটায় রাঙামাটি জেলা আওয়ামী লীগের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল আয়োজন করা হয়। বিক্ষোভ মিছিল রাঙামাটি শহরের পৌরসভার সামনে থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
জেলা যুবলীগের সভাপতি ও পৌর মেয়র আকবর হোসেন চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার। এতে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নিখিল কুমার চাকমা, সাধারণ সম্পাদক হাজি মুছা মাতব্বর।
বক্তারা জুরাছড়িতে আওয়ামী লীগ নেতা অরিবন্দকে হত্যা ও বিলাইছড়িতে রাসেল মার্মার ওপর হামলার জন্য পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকে দায়ী করেছেন। একই সঙ্গে এই হত্যাকাণ্ডের প্রতিবাদে বৃহস্পতিবার রাঙামাটি জেলা সকাল সন্ধ্যা হরতালের ঘোষণা দেয়া হয়।
এদিকে জুরাছড়িতে মঙ্গলবারের এই হত্যাকাণ্ডের ঘটনায় বুধবার বিকেল পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি বলে জানিয়েছেন জুরাছড়ি থানার অফিসার ইনচার্জ আব্দুল বাসেদ।
গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটায় রাঙামাটির জুরাছড়ি উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অরবিন্দু চাকমাকে একদল দুর্বৃত্ত এলোপাথাড়ি গুলি করে হত্যা করে।
এসএস




