
রাঙামাটিতে আওয়ামী লীগের ডাকে সকাল থেকে হরতাল চলছে।
দুর্বৃত্তদের হামলায় জেলার জুরাছড়িতে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অরবিন্দু চাকমাকে হত্যা এবং বিলাইছড়িতে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রাসেল মারমাকে শারীরিক নির্যাতনের প্রতিবাদে এ হরতাল পালন করছে আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো।
হরতালের কারণে জেলার বাইরে কোথাও কোনো প্রকার যানবাহন ছেড়ে যেতে পারেনি। এমনকি বাইরে থেকেও জেলায় কোনো প্রকার যানবাহন ঢুকতে পারেনি। জেলা সদরসহ উপজেলাগুলোতে দোকানপাটসহ যাবতীয় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এতে জেলায় জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে।
এদিকে হরতাল পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার রাখা হয়েছে।
রাঙামাটি জেলার জুরাছড়ি উপজেলা যুবলীগের সহ-সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অরবিন্দু চাকমাকে গুলি করে হত্যার প্রতিবাদে বুধবার বিকেলে এক প্রতিবাদ সমাবেশ থেকে হরতালের ডাক দেয় রাঙামাটি জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ কাজল।
গেলো মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটায় রাঙামাটির জুরাছড়ি উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অরবিন্দু চাকমাকে একদল দুর্বৃত্ত গুলি করে হত্যা করে।
এসএস




