
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বড়নগর এলাকায় সাইফুল ইসলাম (৪৫) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার সন্ধ্যায় কালীগঞ্জ উপজেলার বড়নগর এলাকায় এ ঘটনা ঘটে। শুক্রবার রাত ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত সাইফুল ইসলাম ওই এলাকার মৃত আফাজ উদ্দিনের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় কালীগঞ্জ উপজেলার বড়নগর এলাকা থেকে বাড়ি ফিরছিলেন সাইফুল ইসলাম। এসময় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে পালিয়ে যায়। এক পর্যায়ে স্থানীয়রা তাকে আহত অবস্থায় দেখতে পেয়ে তার পরিবারের লোকজনকে খবর দেয়। পরে তাকে উদ্ধার করে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে রাতে তাকে টঙ্গী ক্যাথাসিস হাসপাতালে নেয়া হয়। অবস্থায় অবনতি হলে শুক্রবার সন্ধ্যায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে জানান।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলম চাঁদ জানান, সাইফুল ইসলাম নিহত হওয়ার খবর পেয়েছি। এ ঘটনায় এখনো কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ করলে ব্যবস্থা নেয়া হবে।
এসএস/ওয়াই




